দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নেতাকর্মীদের মদদে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, বিএনপির নেতাকর্মীদের মদদে পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি করবে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি দেশে ও ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তার আচরণকে কেন্দ্র করে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হলেও তা নিয়ে ‘মব’ উসকে দেওয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জামায়াতকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকে ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএস/